চিঠি লেখকঃ মোঃ খোরশেদ আলম । মুক্তিযোদ্ধা, সেক্টর ২, বর্তমান ঠিকানাঃ ১-ই-৭/৪ মীরপুর, ঢাকা ১২১৬ ।
চিঠি প্রাপকঃ মা রাহেলা খাতুন ।
চিঠিটি পাঠিয়েছেনঃ লেখক নিজেই ।
২৩/০৪/৭১
মা,
দোয়া করো । তোমার ছেলে আজ তোমার সন্তানদের রক্তের প্রতিশোধ নিতে চলেছে ।
বর্বর পাকিস্তানী জঙ্গিগোষ্ঠী আজ তোমার সন্তানদের ওপর নির্বিচারে
হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে । যেখানে তোমার সন্তানদের ইজ্জতের ওপর আঘাত
করেছে, সেখানে তো আর তোমার সন্তানরা চুপ করে বসে থাকতে পারে না । তাই আজ
তোমার হাজার হাজার বীর সন্তান বাঁচার দাবী নিয়ে বাংলাদেশকে স্বাধীন করবার
জন্য ঝাঁপিয়ে পড়েছে । ‘তোমার নগণ্য ছেলে তাদের মধ্যে একজন ।’ পরম করুণাময়
আল্লাহ্র কাছে দু হাত তুলে দোয়া করি তোমার সন্তানরা যেন বর্বর পাকিস্তানী
জঙ্গিগোষ্ঠীকে কতল করে এ দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে পারে ।
‘এ দেশের নাম হবে বাংলাদেশ’, সোনার বাংলাদেশ । এ দেশের জন্য তোমার কত বীর
সন্তান শহীদ হয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই । ইনশাল্লাহ শহীদের রক্ত বৃথা যেতে
দেব না । দেশকে স্বাধীন করে ছাড়বই । জয় আমাদের সুনিশ্চিত । দোয়া করো যেন
জয়ের গৌরব নিয়ে ফিরে আসতে পারি, নচেৎ - বিদায় ।
ইতি
তোমার হতভাগ্য ছেলে খোরশেদ

Post a Comment